শেরপুরের শ্রীবরদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আশরাফুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারপুর এলাকার ইউপি সদস্য নুরুল আমিনের সঙ্গে নিহত আশরাফুলের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত শনিবার (১৬ মে) রাতে নুরুল আমিনের লোকজন আশরাফুলের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও মারধর করে। সেই ঘটনার রেশ ধরে সোমবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত আশরাফুলকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে মাহালম, শরিফ, শামিম ও নজরুলসহ অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শেরপুর সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আশরাফুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ইউপি সদস্য নুরুল আমিনের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভূঁইয়া জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।