আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

0
1
আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে কূটনৈতিক আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। একই সাথে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো বা অন্য দেশে স্থানান্তরের বিষয়েও কাঠামোগত সংলাপ শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।

আলোচনার সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, বিদ্যমান যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার একটি রূপরেখা তৈরির চেষ্টা চলছে।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে ধাপে ধাপে হরমুজ প্রণালি পুনরায় সচল করার পরিকল্পনা বিবেচনায় রয়েছে। একই সাথে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমানো বা তা অন্য কোনো দেশে হস্তান্তরের বিষয়টিও আলোচনায় এসেছে।

অন্যদিকে দ্য ইসরায়েল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু অবরোধ শিথিল এবং নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় বিবেচনা করছে।

তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। সংশ্লিষ্ট পক্ষগুলো নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারমাণবিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছিলেন, যুদ্ধবিরতিকে কেন্দ্র করে একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে আলোচনা চলছে। সম্ভাব্য সংলাপের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here