পাবনার ঈশ্বরদীতে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাহাত প্রমানিক (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত রাহাত প্রমাণিক একই গ্রামের পীরু প্রামাণিকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রতিদিনের মতোই বাড়ির আঙিনায় খেলা করছিল শিশুটি। সবার অগোচরে অভিযুক্ত রাহাত প্রামাণিক মেয়েটিকে কৌশলে নিজের বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার করলে অভিযুক্ত রাহাত প্রামানিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর বাবা জানান, এ ঘটনায় মেয়েকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিতে গেলে তার এক আত্মীয় নানাভাবে বাধা সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখান।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছে। শিশুটির বক্তব্য শুনে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ অভিযুক্ত রাহাত প্রামানিককে গ্রেপ্তার করেছে। রবিবার (২৪ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।