ঈদে ৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পেল শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’

0
4
ঈদে ৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পেল শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’

পবিত্র ঈদুল আজহার দিন দেশজুড়ে একযোগে মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন ঘরানার সিনেমা ‘মালিক’।

ট্রেলার এবং আইটেম সং প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মাঝে সিনেমাটি নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছিল, মুক্তির প্রথম দিনেই তার প্রমাণ মিলেছে।

এই ঈদে হাফ ডজন সিনেমা মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছে ‘মালিক’। ছবিটির অফিশিয়াল হল তালিকা অনুযায়ী, মুক্তির প্রথম দিনে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের মোট ৩২টি শীর্ষস্থানীয় প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

রাজধানীর আধুনিক মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সীমান্ত সম্ভার (ধানমন্ডি) ও সনি স্কয়ার (মিরপুর) শাখায় দাপটের সাথে চলছে ছবিটি। এছাড়া যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও প্রদর্শিত হচ্ছে ‘মালিক’।

ঢাকার বাইরে চট্টগ্রামের বালি আর্কেড, নারায়ণগঞ্জের স্টার সিনেপ্লেক্স শাখা, কুমিল্লার কে স্ক্রিন সিনেপ্লেক্স এবং সিলেটের বিজিবি অডিটোরিয়ামে এটি মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিনগুলোতেও সিনেমাটি বেশ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে বগুড়ার সোনিয়া ও ক্লিওপেট্রা, রাজবাড়ীর সাধনা সিনেমাসহ ভৈরব ও পটুয়াখালীর মতো বিভিন্ন জেলা ও উপজেলার সিনেমা হলগুলো অন্যতম।

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় মূলত ফুটিয়ে তোলা হয়েছে একজন জেদি মানুষের জীবনের গল্প। যে নিজের অধিকার আদায়ের লড়াইয়ে নেমে একপর্যায়ে পরিস্থিতির শিকারে পরিণত হয় এবং ধীরে ধীরে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে।

পরিচালক জানান, ‘মালিক’ একটি পুরোদস্তুর অ্যাকশন ঘরানার বাণিজ্যিক সিনেমা হলেও এর পরতে পরতে রয়েছে গভীর আবেগ, টানটান পারিবারিক সম্পর্ক এবং একটি সুন্দর সামাজিক বার্তা।

ঈদের আমেজে পরিবার ও বন্ধুদের নিয়ে দেখার মতো একটি পরিচ্ছন্ন গল্পের সিনেমা হিসেবে এটি দর্শকদের প্রথম পছন্দ হয়ে উঠবে বলে আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here