জামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় পৃথক দুর্ঘটনায় ইমামসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে আহতরা চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন।
আহতদের মধ্যে রয়েছেন ইসলামপুর পৌরসভার মোশারফগঞ্জ এলাকার সিদ্দীক হোসেন (২৫), সদর ইউনিয়নের কাঁচিহারা এলাকার কসাই কুব্বাত (৪৫), বেলগাছা ইউনিয়নের কাছিমা এলাকার ওয়াহেদ (৪০) এবং সাপধরী ইউনিয়নের শিশুয়া এলাকার ইমাম মাওলানা ইসমাইল হোসেন (৪৫)। এছাড়া আরও অন্তত ১২ জন চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে মাটি পিচ্ছিল ছিল। এতে কোরবানির পশু নিয়ন্ত্রণ করতে গিয়ে কেউ গরুর আক্রমণে, আবার কেউ ধারালো ছুরির আঘাতে আহত হন।
আহতদের একজন জানান, গরু জবাইয়ের প্রস্তুতির সময় দড়ি ছিঁড়ে গেলে পশুটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে গরুর আঘাতে তার হাতের আঙুল ভেঙে যায়।
এদিকে বৃষ্টির কারণে ভেজা মাটিতে পশু কোরবানি দেওয়ার সময় গরুর আকস্মিক নড়াচড়ায় পাশে থাকা ব্যক্তির হাতে থাকা ছুরির আঘাতে একজনের হাতের নখ কেটে যায় বলেও জানা গেছে।
অন্যদিকে পশুর লাথিতে পড়ে গিয়ে নিজের ব্যবহৃত ছুরির আঘাতে এক ইমামের পায়ে গভীর ক্ষত হয়।
ডা. জয়নাল আবেদীন বলেন, এখন পর্যন্ত প্রায় ১৬ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। বেশিরভাগই কাটাছেঁড়াজনিত আঘাত পেয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।