দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এক বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের সমন্বিত আলোচনার পর ওই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হিলি সীমান্ত এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ সীমান্ত পরিস্থিতি ও আটক ব্যক্তির বিষয়টি নিয়ে আলোচনা করে। পরে সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ওই ব্যক্তির নাম বিষ্ণু কুমার সরকার (৩২)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দুর্গাদহ গ্রামের মৃত বিশ্বনাথ সরকারের ছেলে।
পতাকা বৈঠক শেষে রাত সাড়ে ১১টার দিকে বিজিবি লিখিত প্রক্রিয়া সম্পন্ন করে ওই ব্যক্তিকে হাকিমপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গত ২৭ মে সন্ধ্যার পর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বিষ্ণু কুমার সরকার। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে এবং পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।