পাকিস্তান থেকে ফেরত আসা আফগান শরণার্থীদের বহনকারী একটি ট্রাক আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ১৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শনিবার (৩০ মে) লাঘমান প্রদেশে কাবুল থেকে নানগারহার প্রদেশে সংযোগকারী প্রধান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল মালিক নিয়াজাই।
তিনি বলেন, নিহতদের মধ্যে ১০ জন শিশু এবং ৫ জন নারী রয়েছে। আহতদের চিকিৎসার জন্য নানগারহারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইন উপেক্ষার কারণে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
দুর্ঘটনাকবলিত যাত্রীরা সম্প্রতি পাকিস্তান থেকে ফিরে আসা হাজারো আফগানের অংশ ছিলেন। ২০২৩ সালে পাকিস্তান অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করার পর থেকে বহু আফগানকে দেশে ফেরত পাঠানো হয়েছে বা বাধ্য করা হয়েছে। একই সময়ে ইরানও আফগান অভিবাসীদের ফেরত পাঠানো বাড়িয়েছে।
এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও ইরান থেকে লক্ষাধিক আফগান দেশে ফিরে এসেছে, যাদের অনেকেই দীর্ঘদিন ধরে ওই দেশগুলোতে বসবাস করছিলেন।