সিলেট-সুনামগঞ্জ সড়কের বড় কাপন পয়েন্টে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের সংশ্লিষ্টদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডের ম্যানেজারদের মধ্যে যাত্রী পরিবহন নিয়ে কথাকাটাকাটির জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী ওঠানোকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা শুরু হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।