চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো. আল আমিনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ জুন) রাতে কর্ণফুলীর মইজ্জ্যারটেক আবাসিক এলাকার মুখে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম।
গ্রেপ্তার অন্যরা হলেন— মো. দুলু রহমান (২৪), মো. হাসান (২৭), মো. ফয়সাল আহাম্মদ (২০) এবং জাহিদ হোসেন ওরফে সাগর (২৪)।
অভিযানে নেতৃত্ব দেওয়া কর্ণফুলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৮৮ ধারায় নন-এফআইআর মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কারও কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। মাদক পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হতো।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকসহ গ্রেপ্তারের দাবি ছড়িয়ে পড়ার বিষয়ে ওসি শাহীনূর আলম বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। মাদক উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।