গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাকিরুল ইসলামকে (২৪) গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে বাকি তিন অভিযুক্ত এখনো পলাতক।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে কামদিয়া কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল কামদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী। পথে একই শ্রেণির সহপাঠী হুমায়ুন কবির (১৮) তার সহযোগীদের নিয়ে মেয়েটিকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয় এবং পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পূর্ব বাহিয়াল পালশা গ্রামে সাকিরুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। সেখানে হুমায়ুন ও সাকিরুলের সঙ্গে অনিক মিয়া (১৮) এবং সাব্বির মিয়া (১৯) মিলে মেয়েটিকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে আটকে রাখে। পরে কৌশলে পালিয়ে এসে ভুক্তভোগী বাবাকে সব জানায়।
এরপর মেয়েটির বাবা আরিফুল ইসলাম মিটন চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে পুলিশ সাকিরুলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।