এই বাজেট দেশের মানুষের অর্থনৈতিক কোনো পরিবর্তন আনতে পারবে না: নাহিদ ইসলাম

0
2
এই বাজেট দেশের মানুষের অর্থনৈতিক কোনো পরিবর্তন আনতে পারবে না: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট দেশের মানুষের অর্থনৈতিক অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবে না। দুর্নীতি ও অপচয় বন্ধে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি দাবি করেন, জনগণের উন্নয়নের জন্য কতটা অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তা স্পষ্ট নয়।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা চেয়েছিলাম বাজেটের প্রশংসা করতে। কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কোনো পরিবর্তন আনতে পারবে না।

তিনি অভিযোগ করেন, জনগণকে দেওয়া অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করা কঠিন হবে। বাজেট বাস্তবায়নের জন্য সরকারকে বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপি আহ্বায়ক বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ দেশের অনেক গ্রামাঞ্চলে এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি। একই সাথে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং পুলিশসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের দাবি জানান তিনি।

সমাবেশে তিনি জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগের ঘটনাও উল্লেখ করেন। পাশাপাশি সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং গণরায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।

লালদীঘি ময়দানে আয়োজিত এ সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here