সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯৮ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। এছাড়া ডেঙ্গুতে মোট আক্রান্ত ১৯৮ জনের মধ্যে ১২৬ জন পুরুষ।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছর মারা যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি আটজন মারা গেছেন জুন মাসে। এ ছাড়া, মে মাসে একজন, ফেব্রুয়ারিতে দুইজন এবং জানুয়ারিতে মারা গেছেন দুইজন।
এর আগে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।