ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

0
2
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় যাত্রীবাহী একটি বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে বরগুনার পাথরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘আলিফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ঢাকার দিকে যাওয়া একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসের পাঁচজন যাত্রী এবং ট্রাকের চালক ও হেলপার আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here