দেশের তরুণ প্রজন্মের উন্নয়ন ও বিকাশে সরকারসহ পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ তরুণ, যারা দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি।
তিনি বলেন, নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে তাদের মৌলিক চাহিদা নিশ্চিত করা এবং ব্যক্তিগত ও সামষ্টিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা গেলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে।
এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ সময়োপযোগী বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, তরুণদের সুশিক্ষিত, দক্ষ, স্বাবলম্বী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও উৎপাদনমুখী করার পাশাপাশি কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাষ্ট্রপতি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ, সহিংসতা ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং আইনের যথাযথ প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সুস্বাস্থ্য ও পরিকল্পিত পরিবার একটি কর্মক্ষম জাতি গঠন এবং টেকসই আর্থসামাজিক উন্নয়নের পূর্বশর্ত। এ জন্য স্বাস্থ্যসেবা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখতে হবে।
রাষ্ট্রপতি তরুণ প্রজন্মকে প্রকৃত মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।