শ্বশুরবাড়িতে বেড়াতে এসে যুবকের মৃত্যু, ডোবা থেকে মরদেহ উদ্ধার

0
2
শ্বশুরবাড়িতে বেড়াতে এসে যুবকের মৃত্যু, ডোবা থেকে মরদেহ উদ্ধার

পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তুহিন খা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে মসজিদসংলগ্ন একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

নিহত তুহিন খা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খার ছেলে। তার শ্বশুর আবতার হোসেন নলদহ লালগোলা এলাকার বাসিন্দা এবং দুবাইপ্রবাসী। স্ত্রী আফসানা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার দিকে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে স্থানীয়দের দাবি। শনিবার সকালে স্থানীয়রা ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার গলায় একটি গামছা পেঁচানো ছিল।

তবে পাবনা সদর থানা পুলিশের দাবি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুহিন মসজিদের বারান্দায় আত্মহত্যা করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি বিভিন্ন ধরনের মাদকাসক্ত ছিলেন এবং শ্বশুরবাড়িতে নেশাজাতীয় দ্রব্য সেবন নিয়ে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল। পুলিশ আরও দাবি করেছে, রাতের কোনো এক সময় তার মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে ডোবায় ফেলে দেওয়া হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘রাত ২টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে মরদেহ পাওয়া যায়নি। পরে সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here