জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

0
2
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১২ জুলাই) দেওয়া এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন দেশবরেণ্য ও খ্যাতিমান সিনিয়র আইনজীবী। একই সাথে একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে তিনি তার পেশাগত ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে দলমত নির্বিশেষে তিনি সবার কাছে সমাদৃত ও শ্রদ্ধার পাত্র ছিলেন। বিগত ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ রাজনৈতিক নিপীড়নের শিকার ব্যক্তিদের প্রতি তিনি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি বিভিন্ন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি ও রাজনৈতিক পরামর্শ দিয়েছেন।’

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মহানুভবতার কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ‘বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের আইনি লড়াইয়ে তিনি অন্যতম প্রধান আইনজীবী হিসেবে আদালতে দাঁড়িয়েছেন। অত্যন্ত সংকটের সময়েও তিনি কোনো ধরনের পারিশ্রমিক বা ফি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। তিনি সবসময় বলতেন, ‘নিপীড়িত ও মজলুম মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।’ তার এই নিঃস্বার্থ অবদান ও আইনি সহযোগিতা আমরা সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করব।’

ডা. শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামীন তার সকল মানবিক ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, অনুসারী ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে এবং ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমিন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here