শেরপুরে পৌনে তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে আটক করা হলেও বয়স বিবেচনায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আরশাদ আলীর গোডাউন থেকে এসব জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদফতর এবং জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ। এ সময় শেরপুর সদর থানার পুলিশ তাদের সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরের লছমনপুর নয়াপাড়া গ্রামের আরশাদ আলীর গোডাউনে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আরশাদ আলীর ছেলে আল-জাহিদ হাসানকে (১৯) ১০৩ কেজি পলিথিনসহ আটক করেন তারা। পরে জাহিদের দেখানো মতে তার বাবার গোডাউনে অভিযান চালায় তারা। গোডাউনের বিভিন্ন দরজায় তালা ভেঙে ভেতরে যান। পরে গোডাউনের একটি অংশে মাটির নিচে একটি গোপন কক্ষের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। ওই গোপন কক্ষের তালা ভাঙলে সেখানে লুকিয়ে রাখা নিষিদ্ধ পলিথিন ভর্তি ১৭টি বস্তা উদ্ধার করা হয়। গোডাউনের একাধিক জায়গা থেকে মোট দুই হাজার ৭৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। পরে আরশাদ আলীর এইচএসসি পড়ুয়া ছেলে জাহিদকে বয়স বিবেচনায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরশাদ আলীর গোডাউন থেকে ২ হাজার ৭৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এই গোডাউনের নিচে আমরা একটি গোপন কক্ষের সন্ধান পাই। সেখান থেকে ১৭ বস্তা পলিথিনসহ এসব পলিথিন জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ জানান, বয়স বিবেচনায় একজনকে ১০হাজার টাকা জরিমানা করে এবং জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে।


