ইশরাকের শপথের দাবিতে আজও নগর ভবনে বিক্ষোভ

0
72
ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজও বিক্ষোভ চলছে নগর ভবনে। অবিলম্বে আদালতের রায় মেনে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোও দাবি জানান সমর্থকরা। একইসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগের দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা।

রবিবার (১ জুন) নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ইশরাক সমর্থকরা। সকাল সাড়ে ১০টা থেকে সেখানে অবস্থান করছেন তারা।

এর আগে, বৃহস্পতিবার (২৯ মে) বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে ঢাকাবাসী এবং ডিএসসিসি কর্মচারী ইউনিয়েনের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকরা। এদিন দুপুরে নগর ভবনে সমর্থকদের মধ্যে এসে উপস্থিত হন ইশরাক হোসেন। এ সময় আন্দোলনকারীদের উদ্দেশে বক্তৃতা করেন তিনি।

এদিকে, আপিল বিভাগ বলেছেন, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ সংক্রান্ত লিভ টু আপিল আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে আদেশ দেন।

এদিন ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা গেজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তা স্থগিত চেয়ে রিটকারীর লিভ টু আপিল নিষ্পত্তি করে পর্যবেক্ষণ দেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, গত ১৫ মে শুরু হয় এই আন্দোলন। আন্দোলনের শুরু থেকেই নগর ভবনের কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক সমর্থকরা। এই কর্মসূচির ফলে বন্ধ রয়েছে ডিএসসিসির সব ধরনের কার্যক্রম ও নাগরিক সেবা। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here