ম্যানচেস্টার সিটির ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মাতেও কোভাচিচ অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। সিটি নিশ্চিত করেছে যে, কোভাচিচ সম্প্রতি অস্ত্রোপচার করেছেন এবং পুরো গ্রীষ্ম জুড়ে পুনর্বাসনে থাকবেন।
জানা জায় কোভাচিচ প্রায় ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। ফলে ক্লাব বিশ্বকাপ এবং ক্রোয়েশিয়ার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচসমূহতেও খেলার সম্ভাবনা নেই তার।
ম্যানচেস্টার সিটি ১৮ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। তাদের গ্রুপ পর্বের প্রতিপক্ষরা হলো, ওয়াইদাদ কাসাব্লাঙ্কা (মরক্কো), আল আইন (সংযুক্ত আরব আমিরাত), জুভেন্টাস (ইতালি)।
এদিকে কোভাচিচের অনুপস্থিতি ছাড়াও, কেভিন ডি ব্রুইন নাপোলিতে সম্ভাব্য স্থানান্তরের কারণে এবং জেমস ম্যাকঅ্যাটি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে যোগ দেওয়ায় দলে থাকবেন না।
ম্যানেজার পেপ গার্দিওলা মিডফিল্ডের ঘাটতি পূরণে নতুন খেলোয়াড় আনার পরিকল্পনা করছেন। এসি মিলানের মিডফিল্ডার তিজ্জানি রেইজন্ডার্সের সঙ্গে প্রায় ৫০ মিলিয়ন পাউন্ডের চুক্তি সম্পন্ন করার চেষ্টা চলছে।
কোভাচিচ শেষ হওয়া মৌসুমে ৪২টি ম্যাচ খেলেছেন। যেখানে ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন।
কোভাচিচের অভিজ্ঞতা ও পারফরম্যান্স সিটির জন্য গুরুত্বপূর্ণ ছিল, এবং তার অনুপস্থিতি ক্লাব বিশ্বকাপে দলের কৌশলে প্রভাব ফেলতে পারে।


