একটা সময় গ্রামগঞ্জের মাঠে মাঠে বিকাল হলেই দেখা যেতো ফুটবল খেলা। ফুটবলারদের অনুশীলন দেখতেও নাকি শত লোকের সমাগম হতো। মোবাইল ফোনে আসক্ত তরুণ প্রজন্ম যেনো এ গল্পই শুনে এসেছে এতদিন। তাই তরুণ যুবকদের খেলাধুলায় ফিরিয়ে আনতে ও ঈদ আনন্দকে দ্বিগুণ করতে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে হরিরামপুর উপজেলার বিজয়নগর গ্রামের একঝাঁক তরুণ যুবক।
রবিবার (০৮ জুন) ঈদের দ্বিতীয় দিন বিকেলে বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিজয়নগর ক্রীড়া চক্র বনাম বিজয়নগর ক্রীড়া দরবারের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়নগর ক্রীড়া চক্র ২-১ গোলে জয়লাভ করে।
খেলায় বিজয়নগর ক্রীড়া চক্রের সদস্য পলাশ কুমার মন্ডল বলেন, দীর্ঘদিন পর এই মাঠে এমন বড় পরিসরে খেলার আয়োজন করা হয়েছে। ঈদ উপলক্ষে সবাই একত্রিত হয়েছি, আশা করছি আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে পড়বে ও বর্তমান তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি উৎসাহিত হবে।
মাঠে খেলা দেখতে আসা দর্শনার্থীরা জানান, খুবই মনোরম পরিবেশ আজকের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সবাই খুব উপভোগ করেছি। অনেকদিন পর গ্রামের মাঠে এমন দুর্দান্ত খেলা দেখতে পেয়ে সবাই বেশ আনন্দিত। আশা করছি এই প্রীতি ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে তরুণরা মাঠে ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করি।

