ঢালিউড সুপারস্টার শাকিব খানের দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যকার দ্বন্দ্ব নতুন কিছু নয়। একে অপরকে খোঁচা দিতে কিংবা ঠাট্টা করতে সুযোগ মিস করেন না এই দুই তারকা। এবার বিশ্ব টয়লেট দিবস (২০ নভেম্বর) উপলক্ষে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে বুবলীর জন্মদিনকে কটাক্ষ করেছেন অপু বিশ্বাস, এমনটাই মনে করছেন নেটিজেনরা।
২০ নভেম্বর বুবলীর জন্মদিন। দিনটি তিনি পরিবারের সঙ্গে উদযাপন করে ফেসবুকে কেক কাটার ছবি পোস্ট করেন। ভক্তরা তার প্রতি ভালোবাসা প্রকাশ করলেও জন্মদিনের তিন দিন পর অপু বিশ্বাস তার ফেসবুক প্রোফাইলে লেখেন:
“লেট পোস্ট। হ্যাপি টয়লেট ডে, ২০ নভেম্বর।” সাথে একটি হাসির ইমোজি যোগ করেন তিনি।
পোস্টটি সরাসরি বুবলীকে লক্ষ্য করে করা হয়নি, তবে তার জন্মদিনের সঙ্গে দিনটি মিলে যাওয়ায় নেটিজেনরা বিষয়টিকে বুবলীকে খোঁচা বলেই ধরে নিয়েছেন। অপুর এই পোস্টকে ভালোভাবে নেয়নি অনেকেই। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। কেউ বলেছেন, “আপনার হিংসা থামছে না। এই কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন।”
অন্যদিকে, কেউ মন্তব্য করেছেন,“একজন জনপ্রিয় তারকা হিসেবে এ ধরনের পোস্ট মানায় না।”
এর আগেও বুবলীর জন্মদিনে ঠাট্টা করেছিলেন অপু। ২০২২ সালে বুবলী গণমাধ্যমে জানিয়েছিলেন, শাকিব খানের কাছ থেকে জন্মদিনে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন। ওই সময় অপু ফেসবুকে একাধিক হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন, “কী যে মজা!”
তখন বুবলীও পাল্টা মন্তব্য করেছিলেন। তাদের এই ভার্চুয়াল বাকযুদ্ধ নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল।
শাকিব খানকে কেন্দ্র করেই মূলত অপু বিশ্বাস ও বুবলীর দ্বন্দ্বের শুরু। তাদের সম্পর্ক নিয়ে প্রায়ই ভার্চুয়াল তর্কযুদ্ধে জড়াতে দেখা গেছে এই দুই নায়িকাকে।
অনেকেই দুই তারকাকে অনুরোধ করেছেন, ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয়গুলো জনসমক্ষে আনতে না এবং নিজেদের মাঝে শান্তি স্থাপন করতে। ভক্তদের মতে, তাদের এই কাদা ছোড়াছুড়ি ঢালিউডের ভাবমূর্তির জন্য নেতিবাচক।

