হবিগঞ্জের লাখাই উপজেলায় মাছ কেনা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে লাখাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, বিকেলে লাখাই উপজেলার স্বজনগ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে কামাল মিয়ার সঙ্গে একই গ্রামের আবু মিয়ার ছেলে জিলু মিয়ার মাছ কেনা নিয়ে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে বলে জানিয়েছেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী। তিনি বলেন, বাজারে মাছ কেনার সময় কথা কাটাকাটির জেরে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। িআহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

