জামালপুরের ইসলামপুর উপজেলায় নিখোঁজের একদিন পর মো. আব্দুল হাই (৬৫) নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সাপধরী ইউনিয়নের যমুনা নদীর প্রজাপ্রতি এলাকা থেকে গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হয়েছিল তিনি।
নিহত আব্দুল হাই পার্থশী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা। এছাড়া পার্থশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই শুক্রবার রাত ৯টার দিকে মলমগঞ্জ বাজার থেকে নিখোঁজ হয়। শনিবার সকালে উপজেলার সাপধরী ইউনিয়নের প্রজাপতির যমুনা নদীপাড়ে মাছ ধরতে আসা মাঝিরা দেখতে পেয়ে প্রশাসনকে অবগত করে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশটি নদী থেকে উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, সাবেক ইউপি সদস্যের গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলায় গামছা পেঁছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

