লাহোর হাইকোর্টের জামিন নাকচে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি

0
50

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দাঙ্গা-সংক্রান্ত আট মামলায় তাঁর জামিন বাতিলের বিষয়ে লাহোর হাইকোর্টের কিছু পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি। মঙ্গলবার এই বিষয়ে অনুষ্ঠিত এক শুনানিতে তিনি বলেন, সুপ্রিম কোর্ট এমন কোনো মন্তব্য করবে না যা চলমান বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। জামিন বিষয়ক পরবর্তী শুনানির জন্য ১৯ আগস্ট পাঞ্জাব সরকারকে নোটিশ জারি করা হয়েছে।

২০২৪ সালের নভেম্বর মাসে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত ২০২৩ সালের ৯ মে ইমরান খানের দাঙ্গা-সংক্রান্ত অন্তত আটটি মামলায় জামিন বাতিল করেন। এসব মামলার মধ্যে একটি ছিল লাহোরের ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর এক কমান্ডারের বাসভবনে হামলার ঘটনা। কারাগারে থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতার পক্ষে এই আদেশের বিরুদ্ধে করা আবেদন ২৪ জুন লাহোর হাইকোর্ট বাতিল করে দেয়। এরপর ইমরান হাইকোর্টের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন।

গতকাল প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ জামিন আবেদনের শুনানি পুনরায় শুরু করে। শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, এই মুহূর্তে আমরা মামলার পর্যবেক্ষণগুলো সঠিক কি না তা নিয়ে মন্তব্য করবো না। আপাতত আইনি দিকেও বিশ্লেষণ করতে চাই না। কারণ যদি আমরা আইনি পর্যবেক্ষণ নিয়ে মন্তব্য করি, তাহলে মামলার যেকোনো পক্ষের মামলা প্রভাবিত হতে পারে। সুপ্রিম কোর্ট এমন কোনো মন্তব্য করবে না যা চলমান মামলার স্বাভাবিক বিচার প্রক্রিয়াকে ব্যাহত করবে।

যদিও ইমরান জামিন পাননি, দাঙ্গা-সংক্রান্ত দুটি মামলায় খালাস পাওয়ার পর পিটিআইর শীর্ষ নেতা শাহ মাহমুদ কোরেশিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত। গতকাল বিচারক মনজার আলি গিল এই রায় ঘোষণা করে কোট লখপত কারাগারের সুপারিনটেনডেন্টকে মুক্তির নির্দেশ দেন।

এর আগে গত সপ্তাহের শেষ দিকে আদালত কোরেশিকে জামিন দেয়। তবে একই রায় অনুযায়ী, পিটিআইর নেত্রী ড. ইয়াসমিন রশিদ, সিনেটর ইজাজ চৌধুরী, মিয়ান মাহমুদ উর রশিদ, সাবেক পাঞ্জাব গভর্নর ওমর সারফরাজ চিমাসহ কয়েকজনকে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই দাঙ্গাগুলো শুরু হয় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারের পর, যখন ক্ষুব্ধ জনতা একাধিক সামরিক স্থাপনায় ভাঙচুর চালায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here