ঠাকুরগাঁওয়ে এবার মিললো ট্রাকভর্তি সরকারি সার, পালিয়েছে চালক-হেলপার

0
74

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ট্রাকভর্তি সরকারি সার আটকের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজারে ট্রাকটি আটক করে স্থানীয়রা। পরে পুলিশ প্রশাসন এসে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্দেহ হলে গভীর রাতে ঠাকুরগাঁও জেলা শহর থেকে সার বোঝাই একটি ট্রাক ওই ইউনিয়নে ভেলাজান বাজার থকে আটক করে দেহন ময়দান বাজারে নিয়ে আসেন স্থানীয়রা। এসময় সুযোগ বুঝে পালিয়ে যায় ট্রাক চালক ও হেলপার। পরে তল্লাশি চালিয়ে বস্তায় বস্তায় সার দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ট্রাকটি জব্দ করে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, স্থানীয় লোকজন ফোন করে জানায় তারা একটি সারভর্তি ট্রাক আটক করেছে। পরে ঘটনাস্থলে এসে ট্রাকসহ স্থানীয়দের দেওয়া তথ্য মতে ৩০০ বস্তা সার জব্দ করা হয়েছে। পরবর্তীতে এসব সার সরকারি দরে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করা হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান বলেন, অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এক ট্রাক রাসায়নিক সার আটক করেছে। থানায় খবর দিলে আমরা এসে ট্রাকটি জব্দ করেছি। ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি, তারা আগেই পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে অবৈধভাবে মজুদের অভিযোগে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুই ডিলারের গুদাম থেকে ৮৩৯ বস্তা সার জব্দের পাশাপাশি ৪০ হাজার টাকা জরিমানাসহ একটি গুদাম সিলগলা করা হয়। তাছাড়া সদরের গড়েয়া বাজারের ব্যবসায়ী ইসরাফিলের গুদাম থেকে ৯৪৭ বস্তা সার জব্দসহ অনিয়মের অভিযোগে আউলিয়াপুরের ডিলার নঈমউদ্দীন টেড্রার্সকে নোটিশ দিয়েছে কৃষি বিভাগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here