মিডওয়াইফ ও নার্সিং কোর্সে নারীদের ভর্তি নিষিদ্ধ

0
156

আফগানিস্তানে তালেবান সরকারের নতুন সিদ্ধান্তের ফলে নারীদের জন্য মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি এবং ক্লাস কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাজারো নারী শিক্ষার্থীর শিক্ষার পথ বন্ধ হয়ে গেছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে, দেশটির পাঁচটি পৃথক শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস বন্ধ রাখার নির্দেশ পেয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ক্লাস করতে পারছেন না।

এক শিক্ষার্থী বিবিসিকে জানান, আমরা শুধু ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হতে চেয়েছিলাম, কিন্তু আমাদের উঠোনে দাঁড়ানোর অনুমতিও দেওয়া হয়নি।

আরেক শিক্ষার্থী বলেন, আমাদের সেমিস্টার প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও মন্ত্রণালয়ের দুটি সূত্র নিশ্চিত করেছে যে, নিষেধাজ্ঞাটি কার্যকর করা হয়েছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই নারীদের শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে কঠোর নীতি অনুসরণ করছে। মাধ্যমিক এবং উচ্চশিক্ষার সুযোগ বন্ধের পর এবার নারীদের জন্য হাতে গোনা কিছু পেশার একটি, মিডওয়াইফ এবং নার্সিং ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হলো।

তালেবান কর্তৃপক্ষ বলেছিল, একবার পাঠ্যক্রমের ‘ইসলামিককরণ’ প্রক্রিয়া শেষ হলে নারীদের শিক্ষার সুযোগ দেওয়া হবে। তবে দুই বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

নতুন এই নিষেধাজ্ঞার ফলে বহু শিক্ষার্থী নতুন আশার আলো দেখতে পেয়েও তা হারিয়ে ফেলেছেন। নারীদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ খাতে কাজ করার সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here