মাদারীপুরের শিবচরে দুই ইট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ আগস্ট) রাতে ও মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিবচর উপজেলার মাদবরচর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুর ইসলাম উকিল মাদবরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাড়াকান্দি গ্রামের তোতা মিয়া উকিলের ছেলে ও ফরিদ উকিল (৩৬) একই এলাকার বাচ্চু উকিলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১১টার দিকে মোটরসাইকেলযোগে ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরছিলেন ইট ব্যবসায়ী নুর ইসলাম উকিল। উপজেলার মাদবরচর হাট এলাকায় আসলে মোটরসাইকেল গতিরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় নুর ইসলামকে।
অপরদিকে মঙ্গলবার সকালে মাদবরচর ক্লাব এলাকায় ফরিদ উকিল নামে আরেক ব্যবসায়ীকে একা পেয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকেও কুপিয়ে জখম করা হয়। ফরিদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ভর্তি করেন ১০০ শয্যা বিশিষ্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় ফরিদ উকিলকে পাঠানো হয় রাজধানী ঢাকা মেডিকেলে। পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা বলে ধারণা ভুক্তভোগী ও স্থানীয়দের।
১০০ শয্যাবিশিষ্ট শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, আহতদের দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিজন হাসপাতালে ভর্তি আছে।
মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, পর পর দুটি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

