মাদারীপুরের শিবচর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) শাখার সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব চরশ্যামাইল জয় বাংলা ব্রিজ এলাকার বাসিন্দা নাসির মাদবরের ছেলে। তিনি একই এলাকার ইবনে সামাদ হত্যা মামলার একজন আসামি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইউসিবি ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। এ সময় ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। রাকিব গুরুতর জখম হয়ে সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠান। তবে পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।”
উল্লেখ্য, গত ৬ মে একই এলাকায় ইবনে সামাদকে প্রতিপক্ষরা কুপিয়ে গুরুতর জখম করে। ঢাকায় ২১ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। সেই মামলার আসামিদের একজন ছিলেন নিহত রাকিব।

