পাকিস্তান-সৌদি আরব ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, ভারতের নজরদারি

0
105

পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের প্রধান শক্তি সৌদি আরব একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। কয়েক দশকের পুরনো নিরাপত্তা সম্পর্ককে আনুষ্ঠানিক ও আরও দৃঢ় করার পদক্ষেপ হিসেবে চুক্তিটি দেখা হচ্ছে। চুক্তি অনুযায়ী, এক দেশের ওপর যে কোনো সামরিক আগ্রাসনকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং যৌথ প্রতিরোধ গড়ে তোলা হবে।

বুধবার সৌদি রাজধানী রিয়াদে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তি সামরিক সহায়তা, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ও পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা চুক্তির খবর আমরা দেখেছি। এটি তাদের পুরনো সমঝোতার আনুষ্ঠানিক রূপ। আমরা জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব খতিয়ে দেখব।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, বহু বছরের আলোচনার ফল এই চুক্তি। কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং দুই দেশের ঐতিহাসিক অংশীদারিত্বকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনার লক্ষ্যে এটি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষরের সময় আরব-ইসলামি দেশগুলোর দোহা সম্মেলনের প্রেক্ষাপটও গুরুত্ব পাচ্ছে, যেখানে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানানো হয়েছিল। বিশ্লেষকদের মতে, এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।