দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে উপদেষ্টা দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে ইতালির সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান। বিশেষ করে ভূমিকম্প মোকাবিলায় ইতালির অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন তিনি। ফারুক ই আজম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় ইতালি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
আলোচনায় উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করে। পাশাপাশি বাংলাদেশ-ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, ইতালির দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফেদেরিকো যাম্পারচল্লি এবং মন্ত্রণালয় ও দূতাবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

