ক্ষমতায় গেলে ঝগড়ারচর বাজারের উন্নয়নে কাজ করবে বিএনপি: মাহমুদুল হক রুবেল

ঝগড়ারচর বাজারে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন মাহমুদুল হক রুবেল ব্যবসায়ী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক এমপি

0
94

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন, শেরপুর জেলার ঐতিহ্যবাহী ঝগড়ারচর বাজার থেকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় করা হলেও কোনো উন্নয়ন হচ্ছে না। বিগত ১৬ বছরে এ বাজারে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে বাজারের সার্বিক উন্নয়ন করা হবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সোমবার রাতে শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজার ঈদগাহ মাঠে ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির আয়োজনে ২৫তম সাধারণ সভা ও ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমিতির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশ উদ্বোধন করেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, সমিতির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

রুবেল বলেন, “ঝগড়ারচর বাজার থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব নিচ্ছে। অথচ বাজারে ড্রেন নেই, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, নেই কোনো অবকাঠামোগত উন্নয়ন। ফলে ব্যবসায়ী ও ক্রেতারা চরম ভোগান্তি পোহাচ্ছেন। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা এ বাজারের সব সমস্যা সমাধান করব।”