দুর্গোৎসবে নাশকতার অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির

0
70

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নাশকতার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করা হবে এবং দেশের মানুষ ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে সফল হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, “একটি পরাজিত শক্তি” এবারও দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল, কিন্তু অতীতের মতো এবারও তা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু মানুষের মধ্যে যেই আত্মীয়ত্ববোধ, সম্প্রীতির বন্ধন — সেটাই এই ষড়যন্ত্রকে রুখে দিয়েছে।”

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, সকল ষড়যন্ত্রের মধ্যেও আজকের এই পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি দুর্গাপূজাকে এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।

সরকারের উদ্দেশে রিজভী বলেন, দেশে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হলে সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থাকে নিখুঁত রাখতে হবে, যাতে কোনো ধরনের উসকানি বা হামলা সফল না হয়।