টেকনাফের গহীন পাহাড় থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার

0
46

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড় থেকে মানবপাচারকারীদের কবল থেকে নারী ও শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এই অভিযানে দু’জন মানবপাচারকারীও আটক হয়েছে।

আজ শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাগর পথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী-পুরুষ ও শিশুকে পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালায়।

অভিযান চলাকালে পাচারকারীদের আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ এবং ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে দুই মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তাদের বন্দী রেখে শারীরিক নির্যাতন চালাচ্ছিল। উদ্ধার হওয়া ব্যক্তি এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।’