ময়মনসিংহ নগরীতে বিএনপির বর্ণাঢ্য প্রচার মিছিল, ‘ধানের শীষের জয়ধ্বনি’

0
52

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ময়মনসিংহ নগরীতে নির্বাচনি ও ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য প্রচার মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মহানগরের ৩৩টি ওয়ার্ড এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল এসে টাউন হল প্রাঙ্গণে জমায়েত হয়।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে পূর্বঘোষিত প্রচার মিছিল শুরু হলে পুরো নগরী **“ধানের শীষের জয়ধ্বনি”**তে মুখর হয়ে ওঠে। বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনাপাড়, স্টেশন রোড ও জুবলীঘাট এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে বিএনপি নেতারা জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনে সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপি প্রার্থী ছিলেন এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সমর্থনে এই প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

মহানগর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এই মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক কায়কোবাদ মামুন, এনামুল হক আকন্দ লিটন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু প্রমুখ।

আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “বিগত ১৫ বছর ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন তারা ব্যালটের মাধ্যমে প্রিয় প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর আমরা মাঠে নেমেছি জনগণকে নির্বাচনমুখী করতে।” তিনি আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে।