ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

0
44

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাড়ির সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জুবায়েদ ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জুবায়েদ হোসাইন ওই বাড়িতেই টিউশনি করতেন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে।

নিহত জুবায়েদ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি একই সঙ্গে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বেও ছিলেন।

ঘটনার খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যে দুই সন্দেহভাজনকে শনাক্ত করেছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।