ফ্রাঙ্কফুর্টকে বিধ্বস্ত করলো লিভারপুল

0
37

বিগত কয়েক সপ্তাহের দুঃসময় কাটিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। শুরুতে পিছিয়ে পড়েও জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্টরা।

বুধবার রাতে জার্মান ক্লাবটির মাঠে আর্না স্লটের দল ৫-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে।

ম্যাচের শুরুতে অবশ্য গোলটি হজম করে লিভারপুল। ম্যাচের ২৬তম মিনিটে মারিও গোটসের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোলটি করেন গাসমুস ক্রিস্টেনসেন। বল দূরের পোস্টে লেগে জালে জড়িয়ে যায়।

তবে, ৩৫তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সমতায় ফেরে লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের বাড়ানো থ্রু বল নিয়ে গতিতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে পরাস্ত করে গোলটি করেন একিটিকে।

এর চার মিনিট পর কোডি হাকপোর কর্নারে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন দলের অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। ৪৪তম মিনিটে আরেকটি কর্নার পায় লিভারপুল এবং তা থেকেই হেডে ব্যবধান আরও বাড়িয়ে ৩-১ করেন ইব্রাহিমা কোনাতে।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে লিভারপুল। ৬৬তম মিনিটে ভিয়েৎসের পাস ধরে ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কোডি হাকপো। তিন মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলের পঞ্চম গোলটি করেন সোবোসলাই।

এই জয়ের পর তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে উঠে এসেছে লিভারপুল। তিন ম্যাচে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। তাদের সমান পয়েন্ট বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, আর্সেনাল ও রিয়াল মাদ্রিদেরও রয়েছে।