পটুয়াখালীতে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন: তিনজনের ৭ দিনের কারাদণ্ড

0
34

পটুয়াখালীতে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থী এবং একটি বিদ্যালয়ের দুজন কর্মচারীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পরীক্ষার্থী মো. কামরুল খান (২৮), বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শহিদ, এবং হিসাব সহকারী আউয়াল হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী জানান, পরীক্ষার সময় গুনগুন শব্দ শোনার পর সন্দেহ হলে এক পরীক্ষার্থীর কাছ থেকে একটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থী মো. কামরুল খান বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. শহিদ এবং হিসাব সহকারী আউয়াল হোসেনের সহযোগিতার কথা স্বীকার করেন। প্রমাণ মেলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১২৮ ধারায় এই তিনজনকেই সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা রিমি বলেন, “পরীক্ষা চলাকালীন ১৯ নম্বর কক্ষে ডিভাইস ব্যবহারের অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আমরা ঘটনাস্থলে যাই। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তিনজনকে সাজা দেওয়া হয়।”