যশোরের কোতোয়ালী থানার মুড়লী মোড় এলাকা থেকে দেড় কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লী মোড় এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিলেন এক ব্যক্তি। তাকে আটক করে তল্লাশি চালালে তার কোমরে লুকানো অবস্থায় পাওয়া যায় ৮টি স্বর্ণের বার, মোট ওজন ১.০২০ কেজি। এছাড়া উদ্ধার করা হয় ১.৪৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের আংটি, একটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা।
আটক ব্যক্তির নাম শেখ অলিউল্লা (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার মধ্য কটিয়া গ্রামের শেখ আরিজুল্লাহর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অলিউল্লা স্বীকার করেছেন, তিনি ঢাকায় সংগ্রহ করা স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে যশোরে যাচ্ছিলেন। বিজিবির হিসাবে, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩৪১ টাকা। অন্যান্য জিনিসপত্রসহ মোট সিজার মূল্য দাঁড়ায় ১ কোটি ৮৩ লাখ ২৪ হাজার ১০১ টাকা।
আটকের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়ে গেছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এ কার্যক্রম আরও জোরদার করা হবে।”