ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনালকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে সোমবার (২০ জুলাই) ভোর ৬টা পর্যন্ত অতিথি ও সাধারণ যানবাহনের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। একই সঙ্গে শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে।
জরুরি সেবার আওতায় থাকবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের গাড়ি, রাইড-শেয়ার সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং সেবার যানবাহন এবং অন্যান্য সরকারি যানবাহন। এসব ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের ওপর বিদ্যমান বিধিনিষেধ আগের মতোই বহাল থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ক্যাম্পাসে বিপুল মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।