প্লট দুর্নীতি মামলায় এক আসামির আত্মসমর্পণ

0
52

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিন মামলার অন্যতম আসামি ও রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম আদালতে আত্মসমর্পণ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে বিচারক মো. আব্দুল্লাহ আল মামুনের সামনে আইনজীবীর মাধ্যমে তিনি আত্মসমর্পণ করেন। এসময় বিচারক তার নাম জিজ্ঞেস করেন এবং আসামির কাঠগড়ায় দাঁড়াতে বলেন।

এই মামলাগুলোর ইতিহাসে এটিই প্রথম, কোনো আসামি আদালতে আত্মসমর্পণ করলেন। মামলার অপর আসামিরা এখনও পলাতক।

আত্মসমর্পণের পর তিন মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষী হিসেবে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম, তদন্ত কর্মকর্তা আফনান জান্নাত কেয়া, এবং মো. সালাউদ্দিন। বর্তমানে মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। সাক্ষ্যগ্রহণ শেষে জামিন শুনানি হবে।

মামলার ধারাবাহিকতায়, গত ৩১ জুলাই আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ওইদিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসঙ্গত, পৃথক তিন মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, সজীব ওয়াজেদ জয়সহ ১৭ জন এবং সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। এসব মামলা ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।

মোট ছয় মামলায় আসামির তালিকায় আছেন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, নুরুল ইসলাম, নাসির উদ্দীন, সামসুদ্দীন আহমদ চৌধুরী, শেখ শাহিনুল ইসলাম, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক সচিব সালাউদ্দিন।

উল্লেখ্য, প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে জানুয়ারি মাসে পৃথক ছয়টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিবসহ অনেককে আসামি করা হয়েছে।