কোনো উত্তাপেই নির্বাচন ঠেকানো যাবে না: প্রেস সচিব

0
49

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক মতবিরোধ গণতন্ত্রের স্বাভাবিক অংশ হলেও কোনো উত্তাপ বা বিরোধই আসন্ন জাতীয় নির্বাচনকে ঠেকাতে পারবে না। তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ, এবং এটিকে ঠেকানোর মতো কোনো শক্তিই নেই।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত ‘মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, “রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবেই, এক দল এক কথা বলবে—এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ।”

তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টা দেশের মঙ্গল, গণতন্ত্রের স্বার্থ ও সব দলের কল্যাণে কাজ করছেন। জুলাই সনদ ঘোষণা ও স্বাক্ষর হয়েছে, বিভিন্ন কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, অর্থনীতি পুনরুদ্ধারের পথে, এবং চলমান ট্রায়ালগুলো অগ্রসর হচ্ছে।

তিনি আরও জানান, আগামী ১৮ নভেম্বর শেখ হাসিনার ট্রায়ালের বিষয়ে আদালত বিচারদিন ঘোষণা করতে পারে। অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতেও অন্তর্বর্তী সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমি। এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনসহ আরও অনেকে।