জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা সোমবার

0
50

দীর্ঘ প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ঘোষণা আসতে চলেছে। বিধিমালা প্রকাশের পর পাঁচ সদস্যের নির্বাচন কমিশন কাজ শুরু করেছে এবং ইতিমধ্যেই খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র শনিবার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আগামী সোমবার (৩ নভেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কমিশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, রবিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভায় নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি ও শৃঙ্খলাবিধি নিয়ে মতবিনিময় করা হবে।

আলোচনার ভিত্তিতে চূড়ান্ত আচরণবিধি তৈরি করা হবে। এছাড়া, নতুন কোনো বিধান সংযোজন বা বিয়োজন প্রয়োজন হলে, স্টেকহোল্ডারদের মতামতও গ্রহণ করা হবে।

নোটিশে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসানের সভাপতিত্বে সভাটি উপাচার্যের সম্মেলন কক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “রবিবার আমাদের আলোচনা সভা রয়েছে। আমরা চাই শিক্ষার্থীদের একটি পরিচ্ছন্ন ও সুন্দর জকসু নির্বাচন উপহার দিতে।” তিনি আরও জানান, ডোপ টেস্টের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এটি ব্যয়বহুল।

নির্বাচনের নির্দিষ্ট তারিখ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করিনি। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সোমবার তফসিল ঘোষণা করা হবে।”