নরসিংদীর রায়পুরা উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদেরই আপন চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন: ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। তারা একই এলাকার মৃত আবু তাহেরের ছেলে। এ ঘটনায় ফুরা মিয়ার স্ত্রী মনিরা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে নিহত ফুরা মিয়া ও শাকিল মিয়াদের সঙ্গে তাদের চাচা আ. আউয়ালের শনিবার সকাল থেকেই কয়েক দফা সংর্ঘষ হয়। একপর্যায়ে দুপুরের দিকে আউয়াল এবং তার ছেলে শিপন, রিপনসহ ১০/১২ জন দা ও লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়ির টিনের বেড়া ভাঙতে আসে।
এ সময় ফুরা ও তার পরিবারের সদস্যরা তাদের বাধা দিলে, ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিনজনকে গুরুতর আহত করে। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফুরা ও শাকিলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় ফুরার স্ত্রী মনিরা বেগম বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বিষয়টি নিশ্চিত করে বলেন, “বেলা পৌনে একটার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসলে আমরা ফুরা মিয়া ও শাকিল নামে দুইজনকে মৃত ঘোষণা করি।”
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আহতদেরকে হাসপাতালে নিয়ে গেছে। সেখানে দুই ভাই মারা যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।”