ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগের ২ নেতা রিমান্ডে

0
168

ঢাকা বিশ্ববিদল্যায়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

তারা হলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্যসেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

বুধবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তাকারী কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান তাদের জামিন নামঞ্জুর করে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে সিয়ামকে রাজধানীর আদাবর ও নাঈমকে গাজীপুরের শ্রীপুর থেকে আটক করে গ্রেফতার দেখায় পুলিশ। এ মামলায় সিয়াম এজাহারভুক্ত ২৬ ও নাঈম ৩৩ নাম্বার আসামি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়টির জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ৩৯১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here