নির্বাচন বানচাল ও গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে কয়েকটি রাজনৈতিক দল: মির্জা ফখরুল

0
34

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, কয়েকটি রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্যে দেশে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোর টাউন হলে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ঐকমত্য কমিশনে বিএনপিসহ যেসব রাজনৈতিক দল একমত হয়েছে তা অবিলম্বে বাস্তবায়ন করুন। সনদে স্বাক্ষর করার পরে নতুন নতুন বিষয় সংযুক্ত করার অশুভ চিন্তা কোনো ভালো কিছু বয়ে আনবে না।’

তিনি সরকারকে অবিলম্বে গণতন্ত্রের দিকে ফিরে যাওয়ার পথ পরিষ্কার করার আহ্বান জানান। মির্জা ফখরুল দৃঢ়ভাবে বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্যে দেশে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচাল করা। যার পরিণাম ভালো হবে না। তাদেরকে জনগণ ক্ষমা করবে না।’

এছাড়াও তিনি নির্বাচনের আগে কোনো ধরনের গণভোটের বিরোধিতা করে বলেন, ‘নির্বাচনের আগে কোনো গণভোট নয়। এটা হলে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

মরহুম তরিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজীবন সংগ্রামী মরহুম তরিকুল ইসলাম আজন্ম মানুষের জন্য রাজনীতি করেছেন। আজীবন তিনি যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। শত অত্যাচার নির্যাতন সহ্য করেও আদর্শের প্রতি অবিচল ছিলেন।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘তরিকুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দেখে যেতে পারেননি। আজকের বাংলাদেশে তাঁর খুব বেশি প্রয়োজন ছিল।’

স্মরণসভা থেকে তিনি মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে, তিনি যশোরের ৫টি সংসদীয় আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক তথ্যবিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব, ঝিকরগাছা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল হোসেন আজাদসহ স্থানীয় নেতারা।

স্মরণসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম এবং বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মরহুম তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিতসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।