সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরের (এস কে সুর) বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করেন।
বৃহস্পতিবার চার্জগঠন শুনানির আগে এস কে সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগ ওঠে। এর ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার নিজের ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য একটি সম্পদ নোটিশ জারি করে।
এস কে সুর গত বছরের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ ফরম গ্রহণ করেন। কিন্তু, আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে তিনি নির্ধারিত সম্পদ বিবরণী দাখিল করেননি।
সম্পদ বিবরণী দাখিল না করায় গত বছর ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইনে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক।
চলতি বছরের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয় এবং সেই থেকে তিনি কারাগারেই রয়েছেন।