রাজধানীতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ ছয়জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার (৭ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিবির হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন: ১. কাজী ফয়েজ মাহমুদ (৫২): খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি। (তিনি মাহবুবউল আলম হানিফের শ্যালক হিসেবে পরিচিত)। ২. মো. শাহাদাত হোসেন (৪৪): মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুবলীগের উত্তর মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক। ৩. মো. খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারী (৫৫): চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। ৪. মো. মশিউর রহমান (৩২): ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি। ৫. আলিম আল তারিফ (২৮): মহানগর দক্ষিণের উপ-গ্রন্থাগার সম্পাদক। ৬. মো. টিপু সুলতান (৪৫): মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
আটক হওয়া ব্যক্তিরা বিভিন্ন সময়ে দলের ভিন্ন ভিন্ন পর্যায়ের পদে সক্রিয় ছিলেন বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।