ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় মালবাহী ট্রাকে অগ্নিসংযোগ

0
35

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে থেমে থাকা একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের ভেতরে থাকা মালামালের একটি বড় অংশ পুড়ে গেলেও চালক বা হেলপারের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকিজ পেপার মিলের সামনে কুমিল্লাগামী লেনে কুষ্টিয়া ট-১১-২২০৮ নম্বরের একটি ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা ট্রাকে হঠাৎ আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ট্রাকের মালামালে (কাগজপত্র) ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া প্রাথমিকভাবে ধারণা করেন, এটি নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হতে পারে। তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, ট্রাকে থাকা কিছু কাগজ পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছে এবং এটি নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি নিশ্চিত করেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।