কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় বিজিবি অভিযান চালিয়ে সাগরপথে মানবপাচারে জড়িয়ে পড়া চার নারী সদস্যকে আটক করেছে। তাদের কবল থেকে শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে যারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন।
সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটককৃতরা হলেন সাবরাংয়ের পানছড়ি পাড়ার মৃত আফাজ উদ্দিনের স্ত্রী সাহারা খাতুন (৬২), তার মেয়ে জুহুরা (৪৩) ও আসমা (১৯) এবং একই এলাকার আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০)।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সোমবার ভোরে পানছড়ি এলাকার জনৈক আব্দুল মোতালেবের বসতঘরে মালয়েশিয়া পাচারের জন্য কয়েকজন মানুষকে জড়ো করা হয়েছে এমন খবর পেয়ে বিজিবি অভিযান চালায়। তল্লাশিতে পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চার নারী নারী পাচারকারী আটকা পড়ে।
উদ্ধারকৃত আট জনের মধ্যে দুইজন শিশু এবং ছয়জন নারী রয়েছেন। আটক চার নারী পাচারকারীর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান।