খালিস্তানপন্থীদের বিক্ষোভে কানাডায় ভারতীয় পতাকার অবমাননা, নতুন করে বিতর্ক ত্বরান্বিত

0
29

ভারত–কানাডা সম্পর্কে বরফ গলতে শুরু করেছে ঠিক এমন সময়েই কানাডার মাটিতে ভারতীয় তিরঙ্গার অবমাননার ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। জোহানেসবার্গের জি২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় উষ্ণ হতে শুরু করেছিল। বাণিজ্য ও বিনিয়োগ-সহ নানা ইস্যুতে দুই নেতা ইতিবাচক আলোচনা করেন। কিন্তু তার মাঝেই খালিস্তানপন্থীদের এক সমাবেশে ভারতবিরোধী কর্মকাণ্ড আবারও আলোচনায় এনে দিয়েছে দুই দেশের সূক্ষ্ম কূটনৈতিক সম্পর্ক।

অটোয়ায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ (এসএফজে) খালিস্তানের সমর্থনে প্রতীকী গণভোটের আয়োজন করে ম্যাকনাব কমিউনিটি সেন্টারে। সংগঠনটি ভারতে নিষিদ্ধ হলেও কানাডায় স্বাভাবিকভাবে সক্রিয়। ওই অনুষ্ঠানে হলুদ পতাকা হাতে জমায়েত হন হাজারো খালিস্তানপন্থী। ভার্চুয়ালি ভাষণ দেন সংগঠনের নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুন, যাকে ভারত সরকার ‘জঙ্গি’ হিসেবে ঘোষণা করেছে।

অন্টারিও, আলবার্টা, ব্রিটিশ কলম্বিয়া ও কুইবেক—এই চার প্রদেশের প্রায় ৫৩ হাজারের বেশি লোক এই প্রতীকী ভোটে অংশ নেয়। দুই কিলোমিটারেরও বেশি লম্বা লাইন পড়ে। প্রবীণরাও ওয়াকার নিয়ে ভোট দিতে আসেন।

বিতর্ক তুঙ্গে ওঠে ‘মিডিয়া বেজিরগান’ নামের আলবার্টার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ভিডিও প্রকাশ করার পর। তাতে দেখা যায়—কমিউনিটি সেন্টারের বাইরে জনতার ভিড় ভারতীয় জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, দিচ্ছে ভারতবিরোধী স্লোগান। এমনকি ভারতীয় নেতা-মন্ত্রীদের ছবির সঙ্গে ‘কিল দেম’ শ্লোগানও শোনা যায়। অভিযোগ, সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কানাডার পুলিশ।

এ ঘটনার সময়টিই সংবেদনশীল। এর ঠিক আগে জোহানেসবার্গে মোদী–কার্নি বৈঠকে দুই দেশ ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে অঙ্গীকার করে। সম্পর্ক উন্নয়নের দিকেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের পর থেকেই ভারত–কানাডা সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যেই ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন। তবে কার্নি ক্ষমতাসীন হওয়ার পর সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিলেও খালিস্তানপন্থীদের সাম্প্রতিক এই কার্যকলাপ দুই দেশের কূটনীতিকে আবারও অস্বস্তিতে ফেলেছে।